বুধবার ১০ জুন ২০২৬ - ১১:১৪
হাওজা-সংশ্লিষ্ট কর্মীদের সেবামূলক কার্যক্রমের ৬টি গুরুত্বপূর্ণ কৌশল

আয়াতুল্লাহ আরাফি:

হাওজা-সংশ্লিষ্ট কর্মীদের সেবামূলক কার্যক্রমের ৬টি গুরুত্বপূর্ণ কৌশল

ইসলামী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান (হাওজা) প্রিয় জনগণের সেবক

হাওজা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক বলেন: নিঃসন্দেহে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো (হাওজা) তাদের ইতিহাসে কখনোই শুধু শিক্ষা ও প্রশিক্ষণের প্রতিষ্ঠান ছিল না; বরং ঐশী জ্ঞান ও শিক্ষার ব্যাখ্যা-বিশ্লেষণের পাশাপাশি তারা সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক ও জনকল্যাণমূলক ক্ষেত্রেও সক্রিয়, অনুপ্রেরণাদায়ক এবং পথপ্রদর্শক ভূমিকা পালন করেছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হাওজা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক আয়াতুল্লাহ আলিরেজা আরাফি-র “অগ্রগামী ও আদর্শ হাওজা; কৌশলগত বার্তা থেকে জনমুখী সামাজিক কর্মসূচি” শীর্ষক সম্মেলনে প্রদত্ত বার্তার পূর্ণাঙ্গ পাঠ নিম্নরূপ:

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

ইসলামী বিপ্লবের সকল শহীদ, বিশেষত ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খামেনেয়ী (রহ.), শহীদ পরিবারসমূহ, মহান ইরানি জাতি, সম্মানিত চিন্তাবিদবৃন্দ, হাওযা শিক্ষা প্রতিষ্ঠানের প্রিয় সন্তানগণ, অঙ্গীকারবদ্ধ ও দায়িত্বশীল সামাজিক কর্মী এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত সকল চিন্তাশীল ও কর্মপ্রাণ ব্যক্তির প্রতি মহান আল্লাহর শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক।

“অগ্রগামী ও আদর্শ হাওজা; কৌশলগত বার্তা থেকে জনমুখী সামাজিক কর্মসূচি” শীর্ষক এই মূল্যবান সম্মেলনের আয়োজনের জন্য আমি সকল আয়োজক, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অংশগ্রহণকারীদের আন্তরিক অভিনন্দন জানাই। এই সমাবেশ সমাজের চাহিদার প্রতি হাওজা শিক্ষা প্রতিষ্ঠানের গতিশীলতা, দায়িত্ববোধ এবং জনগণের সেবায় তাদের কার্যকর উপস্থিতির একটি উজ্জ্বল নিদর্শন।

নিঃসন্দেহে, হাওজা শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের দীর্ঘ ইতিহাসে শুধু শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সীমাবদ্ধ থাকেনি; বরং আল্লাহপ্রদত্ত জ্ঞানের প্রচার ও ব্যাখ্যার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক এবং জনকল্যাণমূলক অঙ্গনেও তারা সক্রিয়, অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক ভূমিকা পালন করেছে।

আজও আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রত্যাশা করা হয় যে, হাওজা তার বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক মৌলিকতা অক্ষুণ্ণ রেখে সামাজিক কর্মকাণ্ড, জনগণের বাস্তব সমস্যার সমাধান এবং সমাজের নতুন উদ্ভূত চাহিদার জবাবে অগ্রণী, প্রজ্ঞাপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করবে।

এটি অত্যন্ত সৌভাগ্য ও গৌরবের বিষয় যে দেশের বিভিন্ন প্রান্তের সক্রিয় হাওযাভিত্তিক সামাজিক কর্মী এবং জনগণনির্ভর হাওজা-সংগঠনগুলোর পরিচালকগণ এই সমাবেশে একত্রিত হয়েছেন, যাতে ইসলামী বিপ্লবের শহীদ নেতার কৌশলগত বার্তা এবং জনমুখী সামাজিক কর্মকাণ্ডের সম্পর্ক নিয়ে আলোচনা ও মতবিনিময় করা যায়।

এই সমাবেশ সামাজিক সুস্থতা, সামাজিক ক্ষতি প্রতিরোধ, সামাজিক পুঁজি শক্তিশালীকরণ এবং জনগণের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণে হাওজার বিশাল সম্ভাবনাকে পুনরায় মূল্যায়নের এক মূল্যবান সুযোগ।

এ প্রসঙ্গে, হাওজাভিত্তিক কর্মীদের সেবামূলক কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য আমি কয়েকটি কৌশলগত বিষয় স্মরণ করিয়ে দিতে চাই:

১. সঠিক চাহিদা নিরূপণ এবং সমস্যা-কেন্দ্রিক কার্যক্রম

সামাজিক সেবামূলক কাজ অবশ্যই সমাজের প্রকৃত চাহিদা, স্থানীয় অগ্রাধিকার এবং জনগণের বাস্তব সমস্যার ভিত্তিতে গড়ে উঠতে হবে; শুধুমাত্র ব্যক্তিগত পছন্দ, আবেগ বা সাময়িক উদ্যোগের ওপর নয়।

২. জনগণনির্ভরতা এবং অপ্রয়োজনীয় কর্তৃত্ববাদ পরিহার

হাওজার কার্যক্রম তখনই বেশি ফলপ্রসূ হবে যখন জনগণকে অংশীদার করা হবে, তাদের সক্ষমতাকে সক্রিয় করা হবে এবং ভারী ও অচল প্রশাসনিক কাঠামো থেকে দূরে থাকা হবে।

৩. সমন্বয়, নেটওয়ার্ক গঠন এবং সমান্তরাল কার্যক্রম এড়ানো

হাওজার কর্মী, জনগণভিত্তিক সংগঠন, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান এবং জিহাদি (স্বেচ্ছাসেবী) গোষ্ঠীগুলোর মধ্যে সংযোগ স্থাপন অত্যন্ত জরুরি, যাতে সক্ষমতাগুলো বিচ্ছিন্ন না থেকে একটি সমন্বিত ও লক্ষ্যভিত্তিক কাঠামোর মধ্যে কাজে লাগানো যায়।

৪. যুক্তিবোধ, আধ্যাত্মিকতা এবং কার্যকারিতার সমন্বয়

হাওজার সামাজিক সেবামূলক কার্যক্রমে যেমন জ্ঞানগত ও নৈতিক ভিত্তি থাকতে হবে, তেমনি বাস্তবায়নের ক্ষেত্রে বিচক্ষণতা, পরিকল্পনা এবং ফলাফল মূল্যায়নের সক্ষমতাও থাকতে হবে; যাতে এর প্রভাব জনগণের জীবনে দৃশ্যমান ও স্থায়ী হয়।

৫. মধ্যম পর্যায়ের নেতৃত্ব ও নতুন প্রজন্মের কর্মী গড়ে তোলা

এই পথের ধারাবাহিকতা ও সম্প্রসারণের জন্য বিশ্বাসী, দক্ষ, সৃজনশীল এবং সমসাময়িক বিষয়াবলির সঙ্গে পরিচিত নতুন কর্মী তৈরি করা অপরিহার্য, যাতে এই আন্দোলন কয়েকজন ব্যক্তির ওপর নির্ভরশীল না থেকে একটি স্থায়ী ধারায় পরিণত হয়।

৬. সমাজের বাস্তব ও জরুরি সমস্যাগুলোকে অগ্রাধিকার দেওয়া

সামাজিক স্বাস্থ্য, পরিবারকে সুদৃঢ় করা, নৈতিক অবক্ষয়, দারিদ্র্য, বঞ্চনা, মাদকাসক্তি, সামাজিক একাকীত্ব এবং পরিচয়গত সংকট-এসব ক্ষেত্র এমন ক্ষেত্র যেখানে হাওযা কার্যকর ও নেতৃত্বদানকারী ভূমিকা পালন করতে পারে।

আমি অত্যন্ত আগ্রহী হওয়া সত্ত্বেও, উদ্ভূত পরিস্থিতির কারণে আপনাদের মাঝে উপস্থিত হয়ে এই মূল্যবান অধিবেশনে অংশগ্রহণ করতে পারিনি। আন্তরিকভাবে কামনা করেছিলাম যে, আপনাদের এই আলোকিত ও বরকতময় সমাবেশে উপস্থিত থাকতে পারি। তবে দূর থেকেই আমি এই সম্মেলনকে আশা, উদ্দীপনা এবং সমাজের সঙ্গে হাওজার সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছি এবং আপনাদের সকলের সাফল্য, কার্যকারিতা ও ক্রমবর্ধমান উন্নতি কামনা করছি।

আশা করি, এই সম্মেলন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নতি এবং সমাজের সকল স্তরের মানুষের প্রতি আন্তরিক সেবার পথে আরও জ্ঞানসমৃদ্ধ, সুসংগঠিত ও জনগণমুখী পদক্ষেপের সূচনা করবে এবং এর ফলাফল দেশের আধ্যাত্মিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে সুস্পষ্টভাবে প্রতিফলিত হবে।

মহান আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য সফলতা, সুস্বাস্থ্য ও মর্যাদা কামনা করছি।

ওয়াসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

আলিরেজা আরাফি

হাওজা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পরিচালক।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha